ইউসুফ শেখ, আইনজীবী ও লেখক।
আইনজীবীদের প্রফেশনাল এথিক্স নির্ভর করে নৈতিক নীতি এবং মূল্যবোধের উপর। নৈতিক নীতি এবং মূল্যবোধ লিগ্যাল প্রফেশনের মৌলিক ভিত্তি। আইনজীবীরা যাতে সততা, দক্ষতা এবং গোপনীয়তার সাথে কাজ করেন তা নিশ্চিত করতে হবে। এই মানদণ্ডগুলি আইনি ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা বজায় রাখার জন্য অত্যাবশ্যক।
আইনজীবীদের অবশ্যই সকল পেশাগত এবং ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে সত্যবাদী হতে হবে এবং নৈতিক ও নীতিগত মান বজায় রাখতে হবে। আইনজীবীদের মনে রাখতে হবে, গোপনীয়তা আইনি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ; আইনজীবীদের কর্তব্য হল ক্লায়েন্টের তথ্য সুরক্ষিত রাখা এবং শুধুমাত্র আইনগতভাবে প্রয়োজন হলেই তা প্রকাশ করা।
আইনজীবীদের আইনি সেবা প্রদানের জন্য অবশ্যই যোগ্যতা এবং অধ্যবসায় থাকতে হবে। সকল বিষয়ে ন্যায়ের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় পেশাদারিক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। আইনজীবীদের অবশ্যই মক্কেলদের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হবে এবং এমন কিছু করা যাবে না, যে জন্য তাদের নিজস্ব, অথবা অন্য মক্কেলের স্বার্থ তাদের প্রাথমিক কর্তব্যের সাথে সাংঘর্ষিক হয়।
আইনজীবীদের অবশ্যই আইন ও বিধিব মেনে চলতে হবে। এমন আচরণ করতে হবে যা তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের উভয় ক্ষেত্রেই জনস্বার্থে কাজ করতে পারে এবং পেশার দায়িত্ব বজায় রাখতে পারে।